মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মঙ্গলবার (৩০ জুন) রানীনগর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংরক্ষিত গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
এ সময় পুলিশ সুপার থানার কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, মাদক, চুরি ও ডাকাতি নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার, ওয়ারেন্ট তামিল এবং মামলা তদন্তের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক আচরণের কোনো বিকল্প নেই। তিনি থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে তিনি রানীনগর থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করেন। এ সময় রানীনগর থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..