মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
চলন্ত বাস চালানোর সময় মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলায় ব্যস্ত এক চালকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে নওগাঁ জেলা পুলিশ। ঘটনাটি নওগাঁ জেলার পুলিশ সুপারের নজরে আসার সঙ্গে সঙ্গেই বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, ভাইরাল ভিডিওতে দেখা যায়, যাত্রীবোঝাই একটি বাস চালানোর সময় চালক এক হাতে স্টিয়ারিং নিয়ন্ত্রণ করছেন, অন্য হাতে মোবাইল ফোনে অনলাইন জুয়ায় ব্যস্ত রয়েছেন। এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই নওগাঁ জেলা পুলিশকে ট্যাগ করে অভিযুক্ত চালকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা ট্রাফিক বিভাগ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। পরে ট্রাফিক বিভাগ বিআরটিসির রাজশাহী বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)-এর সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত চালক রফিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করে।
এরই মধ্যে চালক রফিককে ড্রাইভিংয়ের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিআরটিসির পক্ষ থেকে তার বিরুদ্ধে বিভাগীয় (অফিসিয়াল) শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
ঘটনার পর নওগাঁ জেলা পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। সচেতন মহলের অভিমত, যাত্রীদের জীবন নিয়ে এ ধরনের ঝুঁকিপূর্ণ আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণই সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নিয়মিত নজরদারি, কঠোর তদারকি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকের সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকা প্রতিটি চালকের নৈতিক ও আইনগত দায়িত্ব।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..