বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নওগাঁর আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জগদাশ ফুটবল মাঠ ও পাঁচুপুর ফুটবল মাঠ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি মাঠে উপস্থিত কিশোর ও তরুণদের সঙ্গে কথা বলেন এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহের প্রশংসা করেন। এ সময় তাদের উৎসাহ দিতে একটি ফুটবল উপহার দেন ইউএনও।
মাঠ দুটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে ইউএনও দ্রুত সংস্কার এবং পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এতে স্থানীয় খেলোয়াড় ও এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তারা আশা প্রকাশ করেন, দ্রুত মাঠ সংস্কার সম্পন্ন হলে এলাকার যুবসমাজ আবারও স্বাভাবিকভাবে খেলাধুলার সুযোগ পাবে।
স্থানীয়রা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ প্রশংসনীয়। তারা মাঠ দুটির দ্রুত সংস্কারের দাবি জানান।