অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণ ও তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ঝাউতলা সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক ডা. মো. শহীদ হোসেন চৌধুরী এবং পুলিশ সুপার মো: আবু ইউসুফ, বিপিএম সেবা।
স্মৃতিস্তম্ভে আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার (কুট্টি), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্যরা।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ, শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন এবং একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, জুলাই গ্যালারি পরিদর্শন, আলোচনা সভা, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা, প্রার্থনা, প্রীতিভোজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। তবে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভাটি বর্জন করেন এনসিপি নেতা বশির উদ্দিন।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বাদ জোহর ও সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এর আগে দিবসটির কর্মসূচির অংশ হিসেবে ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..