লাল চাঁদ শীল (কিশোরগঞ্জ উপজেলা সংবাদদাতা)
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা মিড-ডে মিলের খাবার পরিদর্শনে গিয়ে একটি পচা ডিম পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। এ ঘটনায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে ইউএনও আরিফুর রহমান আকস্মিকভাবে নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখা মিড-ডে মিলের খাবারের মান পরীক্ষা করেন। পরিদর্শনের একপর্যায়ে একটি ডিম পচা অবস্থায় দেখতে পান।
বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসার পর ইউএনও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে মিড-ডে মিল কার্যক্রমে তদারকি আরও জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা জানান, পচা ডিমটি রান্নার সময়ই শনাক্ত করা হয়েছিল এবং সেটি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়নি।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল কর্মসূচির আওতায় নিয়মিত খাবার বিতরণ করা হচ্ছে। তাই খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..