মোঃ হাফিজুল ইসলাম:
দুধে ভেজাল অপদ্রব্য মিশ্রণের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার একটি দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে সদর উপজেলার কুলতিয়া ঘোষপাড়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করে। বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কুলতিয়া ঘোষপাড়ায় অবস্থিত প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার-এর (স্বত্বাধিকারী: প্রসেনজিৎ ঘোষ) বিরুদ্ধে দুধে ভেজাল অপদ্রব্য মিশ্রণের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান শেষে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর অভিযানটি পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত এবং নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এছাড়া সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস টিম সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..