মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের একটি মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী সময়মতো তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় প্রায় তিন বিঘা জমির পাকা বোরো ধান খেতেই নষ্ট হয়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের বিলম্বের কারণে আদালত রিসিভার নিয়োগ দিতে পারেননি। ফলে কোনো পক্ষই ধান কাটতে না পেরে পুরো ফসল নষ্ট হয়।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পশ্চিম নুরুল্লাবাদ গ্রামের বাসিন্দা সিরাজ উদ্দিনের ওয়ারিশদের সঙ্গে বিরোধপূর্ণ জমির ভোগদখল নিয়ে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলার শুনানিকালে আদালত বিরোধপূর্ণ জমিতে বাদী ও বিবাদীপক্ষের ভোগদখলের পরিমাণ নির্ধারণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেন।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি আদালতের (স্মারক নম্বর-৩৭২) নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। পরে গত ৫ মে (স্মারক নম্বর-৭৮৪) আদালত পুনরায় তাগাদা দিয়ে ১২ মে মামলার ধার্য তারিখের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, সেই সময়সীমাও অতিক্রম করে ধার্য তারিখের ছয় দিন পর আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।
তদন্ত প্রতিবেদন না থাকায় বিরোধপূর্ণ জমির ধান কাটার বিষয়ে আদালত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। ধান রক্ষায় ভুক্তভোগী পক্ষ দুই দফা রিসিভার নিয়োগের আবেদন করলেও তদন্ত প্রতিবেদন না থাকায় আদালত আবেদন মঞ্জুর করেননি। এরই মধ্যে প্রায় তিন বিঘা জমির পাকা বোরো ধান খেতেই নষ্ট হয়ে যায়।
ভুক্তভোগী কামাল হোসেন বলেন, তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিলের জন্য তাঁরা একাধিকবার উপজেলা ভূমি অফিসে গেলেও কোনো কার্যকর সাড়া পাননি। তাঁর দাবি, সময়মতো প্রতিবেদন জমা হলে অন্তত ৬০ মণ ধান রক্ষা করা সম্ভব হতো।
ভুক্তভোগী পক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, আদালতের তাগাদাপত্রও উপজেলা ভূমি অফিস যথাযথ গুরুত্ব দেয়নি। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা হলে আদালত রিসিভার নিয়োগের মাধ্যমে ফসল রক্ষার সুযোগ পেত। তাই ফসল নষ্ট হওয়ার দায় সংশ্লিষ্ট কার্যালয় এড়াতে পারে না।
এ বিষয়ে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, তৎকালীন সার্ভেয়ার জিল্লুর রহমানকে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ে তা সম্পন্ন করতে পারেননি। তিনি বলেন, “এটি আমাদের ব্যর্থতা। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।”
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..