জামাল উদ্দীন,কক্সবাজার জেলা সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফে ২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, উন্নতমানের বীজ এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে টেকনাফ উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নতমানের উপকরণ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। বিনামূল্যে সার, বীজ ও ফলদ-বনজ গাছের চারা বিতরণের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..