ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:
সিলেটের ওসমানীনগর উপজেলার বাণিজ্যিক প্রাণ কেন্দ্র দক্ষিণ গোয়ালাবাজারে স্থানীয় জনতার তৎপরতায় দেশীয় অস্ত্রসহ তিন যুবক আটক হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা আটক করে তল্লাশি চালালে দেশীয় অস্ত্র উদ্ধার হয়। পরে খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তিরা হলেন ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় তিনজনকে দীর্ঘ সময় ধরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে তারা তাদের আটক করে তল্লাশি চালালে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার হয়। পরে ওসমানীনগর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া অস্ত্রসহ তিনজনকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের থানা হেফাজতে রেখে ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতা দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..