মোঃ রাসেল শেখ,জেলা সংবাদদাতা নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জেসমিন খানম (৩২) করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে এবং একই গ্রামের মমরেজ শেখের ছেলে জসিম শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন দাম্পত্য কলহের একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জসিম শেখ হাতুড়ি দিয়ে জেসমিনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করার কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য-প্রমাণ মেলেনি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্ত জসিম শেখের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ এলাকায় প্রচলিত রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
ঘটনার পরপরই অভিযুক্ত জসিম শেখ স্বেচ্ছায় লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় করফা গ্রামসহ আশপাশের এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..