আজিজুল হাকিম তুহিন,জেলা সংবাদদাতা বান্দরবান:
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ কার্যক্রম পরিচালনা করেছে বিজিবি।
শনিবার (১৮ জুলাই) আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম জারুলিয়াপাড়া ও ক্লাইক্ষ্যংপাড়া এলাকায় বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রীও বিতরণ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মানবিক দায়িত্বের অংশ হিসেবে দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ক্লাইক্ষ্যংপাড়ার বাসিন্দা মংচিং মার্মা বলেন, বন্যার কারণে কয়েকদিন ধরে চিকিৎসা নেওয়ার সুযোগ ছিল না। বিজিবির এই মেডিকেল ক্যাম্পে এসে ডাক্তার দেখাতে পেরে অনেক উপকার হয়েছে।
স্থানীয় বাসিন্দা বলেন, ত্রাণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় আমাদের অনেক কষ্ট কমেছে। দুর্গত মানুষের জন্য এটি সময়োপযোগী উদ্যোগ।
কুরুকপাতা ইউনিয়নের আরেক বাসিন্দা উথোয়াই মার্মা বলেন, দুর্গম এলাকায় দ্রুত এসে চিকিৎসা ও সহায়তা দেওয়ায় বিজিবির প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় সরকারি সেবার পাশাপাশি বিজিবির মানবিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে। স্থানীয়দের দাবি, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..