মোঃ রাসেল শেখ, জেলা সংবাদদাতা, নড়াইল
ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নড়াইলের কালিয়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলা সদরের লেগুনা স্ট্যান্ড এলাকায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, সম্প্রতি রাজধানীর ধানমন্ডি এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একদল জামায়াত নেতাকর্মীর হামলার শিকার হন এক সাংবাদিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রাজধানীসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সাংবাদিকরা তিন দিনের ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদে ও নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ফসিয়ার রহমান, মো. জিহাদুল ইসলাম, মো. বাবর আলী, চৌধুরী মনিরুজ্জামান, মো. রাসেল শেখ, ইমরান হোসেন ও রমিম সরদারসহ অন্যান্য সাংবাদিকরা।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..