শ্রীপুর,গাজীপুর সংবাদদাতা:
শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোকন প্রধান। আগামী পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
দীর্ঘদিন ধরে তিনি শ্রীপুরের তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে তিনি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জনসংযোগ করছেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তিনি আস্থা ও ভরসার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।
নিজের রাজনৈতিক লক্ষ্যের কথা জানিয়ে মো. খোকন প্রধান বলেন, "আমি দীর্ঘদিন ধরে শ্রীপুরবাসীর সেবায় নিয়োজিত আছি। শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা থেকে শুরু করে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছি। এখন আমার লক্ষ্য হলো একটি আধুনিক ও পরিকল্পিত শ্রীপুর গড়ে তোলা। আমি নির্বাচিত হলে শ্রীপুরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলব।"
তিনি আরও বলেন, "মানুষের বিপদে-আপদে আমি সবসময় পাশে থেকেছি এবং আগামীতেও থাকতে চাই। আমি শ্রীপুরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। সুযোগ পেলে আমি তাদের জন্য কাজ করে যেতে চাই।"
স্থানীয় ভোটার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মো. খোকন প্রধান একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। যেকোনো দুর্যোগ বা প্রয়োজনে তিনি সবার আগে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান, যার ফলে ভোটারদের কাছে তার জনপ্রিয়তা বাড়ছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি দিনরাত কঠোর পরিশ্রম করছেন এবং নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার এই জনসম্পৃক্ততা তাকে মেয়র পদের একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..