মোঃ রাসেল শেখ,জেলা সংবাদদাতা,নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে এক তরুণী স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনশনের খবর পেয়ে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (২ আগস্ট ২০২৬) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের পশ্চিমপাড়ায় সৈয়দ ফেরদৌস আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অনশনরত তরুণী উপজেলার নোয়াগ্রাম এলাকার বাসিন্দা। অভিযুক্ত সৈয়দ ফেরদৌস আলী (২১) চাচই পশ্চিমপাড়া গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।
অনশনরত তরুণীর অভিযোগ, প্রায় এক বছর আগে ফেরদৌস আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ৯ এপ্রিল উভয়ের সম্মতিতে পাবলিক নোটারির মাধ্যমে একটি বিবাহের অঙ্গীকারনামা সম্পাদন করেন। এরপর বিভিন্ন সময়ে ফেরদৌস তাকে তার বোনের বাড়িতে নিয়ে যান এবং স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখেন বলে দাবি করেন তিনি।
তবে কিছুদিন পর থেকে ফেরদৌস তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন ওই তরুণী। এর প্রতিবাদে এবং স্ত্রীর স্বীকৃতির দাবিতে রোববার সকালে বিষের বোতল হাতে ফেরদৌসের বাড়ির সামনে অনশন শুরু করেন। তিনি বলেন, "স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে আমি বিষপান করে আত্মহত্যা করব।"
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফেরদৌস আলীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, অনশনের খবর পেয়ে ফেরদৌস ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যান। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সংবাদ প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি এবং অভিযুক্ত পক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।