Logo
প্রিন্টের তারিখ: 01 August 2026 | প্রকাশের তারিখ: Aug 1, 2026

সংবাদ শিরোনাম : ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়কবাতি না জ্বলায় বাড়ছে ঝুঁকি

ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়কবাতি না জ্বলায় বাড়ছে ঝুঁকি
শরীফ আহমেদ (ডেমরা সংবাদদাতা):
রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেশিরভাগ সড়ক বাতি দীর্ঘদিন ধরে অচল থাকায় রাতের বেলায় দুর্ঘটনা, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীদের। তাদের দাবি দ্রুত সড়কবাতি সচল করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ডেমরা থানা এলাকায় বিদ্যুতের স্থায়ী সংযোগ না থাকায় অধিকাংশ বাতির ল্যাপপোস্ট বন্ধ রয়েছে। একই সঙ্গে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল, কাজলা-ভাঙ্গাপ্রেস, মৃধাবাড়িসহ কয়েকটি এলাকাও রাতের বেলায় অন্ধকারে ডুবে থাকে। ফলে ওভারপাসের নিচে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসে সড়কটির উদ্বোধন হলেও এখনো বিভিন্ন অব্যবস্থাপনা রয়ে গেছে।

এছাড়া সড়কের বিভিন্ন অংশে ১১ হাজার ও ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন বহনকারী খুঁটি এখনো অপসারণ করা হয়নি। বিশেষ করে পাইটি, স্টাফ কোয়ার্টার ও দেইল্লা বামৈল বাঁশেরপুল-কোনাপাড়া এলাকায় যানবাহন চলাচলের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলেও যান চলাচল ও পথচারী পারাপারে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

ঢাকা সড়ক বিভাগের কর্মকর্তাদের মতে, দুটি বিদ্যুৎ মিটার চুরি হয়ে যাওয়ায় সাময়িকভাবে কিছু সড়কবাতি বন্ধ রয়েছে। নতুন সাবস্টেশন স্থাপন ও বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। চার লেনের এই সড়কটি ভবিষ্যতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশকারী যানবাহনের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে ৪৩৫ টি সড়কবাতির বড় অংশই অকার্যকর থাকায় রাতে দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে রাসেল পাম্প পর্যন্ত উন্নয়ন কাজ শেষ হলেও ব্যবস্থাপনার ঘাটতিতে ভোগান্তি কমেনি।

স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নজরদারির অভাবে অনেক চালক অতিরিক্ত গতিতে যানবাহন চালান, যা রাতের বেলায় আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গত এক বছরে এ সড়কে একাধিক দুর্ঘটনার মামলা হয়েছে এবং আশপাশের এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে বলে জানা গেছে।

এদিকে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, সড়কবাতি বন্ধ থাকায় অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। অবৈধ দখল ও অস্থায়ী দোকানও চলাচলে বাধা সৃষ্টি করছে। অন্যদিকে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, অনেক দুর্ঘটনার পেছনে ট্রাফিক আইন অমান্য, অদক্ষ চালক এবং বেপরোয়া যানচালনাও দায়ী। তিনি দ্রুত নতুন মিটার স্থাপন করে সড়কবাতি সচল করার আশ্বাস দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF