এম.মুনসুরুল ইসলাম মাসুম,শ্রীপুর (গাজীপুর):
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বাদ আসর শ্রীপুর চৌরাস্তা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণমিছিলটি চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে ডিবি রোড প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এ গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফজাল হোসাইন খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।