আবুজর গিফারী,পাবনা সংবাদদাতা:
জুলাই গণভোট এবং যৌক্তিক সংস্কার কার্যকরের দাবিতে পাবনার বেড়ায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১লা আগস্ট, ২০২৬ (শনিবার) সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি পৌর এলাকার আলহেরা এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেড়া সি অ্যান্ড বি গোলচত্বরে গিয়ে এক সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. আব্দুল বাসেত খান। তিনি তাঁর বক্তব্যে অবিলম্বে জুলাই গণভোট কার্যকর এবং দেশের সার্বিক অগ্রগতির জন্য প্রয়োজনীয় যৌক্তিক সংস্কারগুলো বাস্তবায়নের জোর দাবি জানান।
তিনি বলেন, "দেশ ও জনগণের সার্বিক কল্যাণে সংস্কার প্রক্রিয়া ত্বরান্বিত করা জরুরি।" এ সময় তিনি দেশ ও জাতির স্বার্থে আয়োজিত এই ধারাবাহিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বেড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমানসহ উপজেলা ও স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।