আবুজর গিফারী,পাবনা সংবাদদাতা:
বিশ্ব বাণিজ্য বহন করি, ঝুঁকিও বহন করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসন ও বাংলাদেশ মেরিন একাডেমির যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সমুদ্রযাত্রী দিবস-২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. এ.এন.এম. বজলুর রশিদ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন পাবনা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, বাংলাদেশ মেরিন একাডেমি ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান সহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুধীজন।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চারা রোপণ করেন। এরপর দেশের অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্যে সমুদ্রযাত্রীদের ভূমিকা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিকূল পরিবেশ ও নানা ঝুঁকি উপেক্ষা করে সমুদ্রযাত্রীরা বিশ্ব বাণিজ্যের চাকা সচল রাখছেন। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে তাঁদের অবদান অনস্বীকার্য। বক্তারা সমুদ্রযাত্রীদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, উপযুক্ত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার দাবি জানান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ড. এ.এন.এম. বজলুর রশিদ শিল্পীদের চমৎকার পরিবেশনা এবং আয়োজকদের এই সুন্দর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা উপস্থিত সবার মাঝে সমুদ্রযাত্রীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেয়।