Logo
প্রিন্টের তারিখ: 28 July 2026 | প্রকাশের তারিখ: Jul 28, 2026

সংবাদ শিরোনাম : আক্কাস সিকদার: সংগ্রামের পথ পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এক প্রতিচ্ছবি

আক্কাস সিকদার: সংগ্রামের পথ পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এক প্রতিচ্ছবি
এইচ এম নাসির উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধিঃ 
আক্কাস সিকদার: সংগ্রামের পথ পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এক প্রতিচ্ছবি
রাজনীতির পাঠ আমি নিয়েছি স্কুলজীবন থেকেই। সাংবাদিকতার পথচলা শুরু হয়েছে আজ থেকে প্রায় ৫৫ বছর আগে। 

এই দীর্ঘ সময়ে অসংখ্য মানুষকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। কেউ ক্ষমতার আলোয় এসেছেন, আবার সময়ের সঙ্গে হারিয়েও গেছেন। কিন্তু কিছু মানুষ আছেন, যাদের পরিচয় ক্ষমতায় নয়—সংগ্রামে, সততায় এবং মানুষের প্রতি দায়বদ্ধতায়। অ্যাডভোকেট আক্কাস সিকদার তাঁদেরই একজন।

একটি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া একজন মানুষের জীবনের প্রতিটি ধাপই সহজ হয় না। অভাব, কষ্ট, অবহেলা আর অসংখ্য বাধা পেরিয়ে নিজের অবস্থান তৈরি করতে হয়। আক্কাস সিকদারের জীবনও ঠিক তেমনই। 

প্রতিটি ঘাত-প্রতিঘাতকে সঙ্গী করে তিনি আজ একজন প্রতিষ্ঠিত আইনজীবী, সরকারি কৌঁসুলি (এপিপি), ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এবং একাধিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি।

বৃহৎ কোনো সংগঠনের নেতৃত্বে থাকলে সরকারের বিভিন্ন দপ্তর, প্রশাসনের কর্মকর্তা কিংবা রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখা দায়িত্বেরই অংশ। 

এটি ব্যক্তি স্বার্থের নয়, বরং সংগঠনের কাজ এগিয়ে নেওয়ার বাস্তব প্রয়োজন। কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালায়। 

একটি স্থিরচিত্র কখনো একজন মানুষের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও আত্মত্যাগের ইতিহাসকে মুছে দিতে পারে না।
যে মানুষটি দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা, মামলা, কারাবাস, নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়ে পথ চলেছেন—সেই কঠিন সময়ে কজন মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছিলেন? কজন তাঁর মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন?

 আজ যারা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, তাঁদের অনেককেই তখন দেখা যায়নি।

আমি বিশ্বাস করি, দারিদ্র্যের কষ্ট যে মানুষ নিজে অনুভব করেছেন, তিনি অন্যের দুঃখও বুঝতে পারেন। 

গরিব মানুষের কান্না, অসহায় মানুষের আর্তনাদ এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দর যে মানবিক শক্তি, তা আসে নিজের জীবনের সংগ্রাম থেকে। আক্কাস সিকদারের জীবন সেই বাস্তবতারই একটি উদাহরণ।

মানুষকে মূল্যায়ন করতে হলে একটি ছবি নয়, একটি পোস্ট নয়—দেখতে হবে তাঁর পুরো জীবন, তাঁর কর্ম, তাঁর ত্যাগ এবং মানুষের জন্য তাঁর অবদান।

 ইতিহাস সবসময় ক্ষণিকের প্রচারণা দিয়ে লেখা হয় না; ইতিহাস লেখা হয় সংগ্রাম, সততা, সাহস এবং মানবিকতার কালি দিয়ে।

সময়ই শেষ পর্যন্ত সত্যকে প্রতিষ্ঠিত করে। আর সত্যিকারের সংগ্রামী মানুষকে সাময়িক অপপ্রচার কখনো পরাজিত করতে পারে না। 

মানুষের ভালোবাসা, সম্মান এবং আস্থা—এগুলোই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। সেই পরিচয়ই বহন করে চলেছেন অ্যাডভোকেট আক্কাস সিকদার।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF