মোঃএমরুল ইসলাম,নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর মনোহরদীতে এক শিশুকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই ব্যক্তি হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামের হাশিম উদ্দীনের ছেলে রফিক (২৫) এবং একই গ্রামের মোখলেছের ছেলে জজ মিয়া (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারহান নামে এক শিশু দুপুর সাড়ে ১২ টার দিকে মাছিমপুর গ্রামে তার মামার বাড়ির পাশ দিয়ে একা হেঁটে যাচ্ছিল। এ সময় দুই যুবক তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে তার দুই মামাসহ আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত দুই যুবককে আটক করে মনোহরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা জানান, অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।