Logo
প্রিন্টের তারিখ: 29 July 2026 | প্রকাশের তারিখ: Jul 29, 2026

সংবাদ শিরোনাম : তারাকান্দায় ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

তারাকান্দায় ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ
তারাকান্দা (ময়মনসিংহ) 
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ডাচ্-বাংলা ব্যাংক শাখার ম্যানেজারের বিরুদ্ধে এক গ্রাহকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।  এ ঘটনায় ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাটপাড়া গ্রামের মৎস্য ব্যবসায়ী দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ডাচ্-বাংলা ব্যাংক তারাকান্দা শাখায় (হিসাব নম্বর:-১৫৬১১০০০৩১১৫২) একটি হিসাব পরিচালনা করে নিয়মিত লেনদেন করে আসছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় দুই মাস আগে নিজের হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে শাখা ম্যানেজার সুশান্ত তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় তিনি ইংরেজিতে আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়। অভিযোগকারী জানান, তিনি ইংরেজি বুঝতে না পারার কথা বললে ম্যানেজার তাকে ‘অশিক্ষিত’ ও ‘মূর্খ’ বলে অপমান করেন।
এছাড়া গত ২৮ জুন পুনরায় একটি চেকের টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে ম্যানেজার তার জাতীয় পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র সঙ্গে না থাকায় ম্যানেজার আবারও তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং রাগান্বিত হয়ে গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দেলোয়ার হোসেন আরও দাবি করেন, সংশ্লিষ্ট ম্যানেজার প্রায়ই ব্যাংকে আসা গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন।
এ ঘটনায় তিনি আজ ৯ জুলাই তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। একই সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচারের দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF