Logo
প্রিন্টের তারিখ: 28 July 2026 | প্রকাশের তারিখ: Jul 28, 2026

সংবাদ শিরোনাম : নওগাঁর মান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে বালুবোঝাই ট্রাকের ধাক্কা,অল্পের জন্য রক্ষা পেলেন মুসল্লিরা

নওগাঁর মান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে বালুবোঝাই ট্রাকের ধাক্কা,অল্পের জন্য রক্ষা পেলেন মুসল্লিরা
মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
নওগাঁর মান্দা উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ১০ চাকার বালুবোঝাই ট্রাক রাস্তার পাশের একটি মসজিদে ধাক্কা দিয়েছে। এতে মসজিদের সামনের দেয়াল ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফজরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যাওয়ায় অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (১ জুলাই) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বাগদেওয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে তালা দিচ্ছিলেন। ঠিক সেই সময় রাজশাহীর দিক থেকে আসা একটি ১০ চাকার বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মসজিদে সজোরে ধাক্কা দেয়। এতে মসজিদের সামনের দেয়াল ভেঙে যায় এবং ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হন। খবর পেয়ে উদ্ধারকারী সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনাটি কয়েক মিনিট আগে ঘটলে মসজিদে অবস্থানরত মুসল্লিদের প্রাণহানির আশঙ্কা ছিল। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত মসজিদ সংস্কার এবং দুর্ঘটনার কারণ তদন্তের দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF