মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
নওগাঁর পোরশা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ২ হাজার ৭০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক এ. কে. আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, ব্যবস্থাপক (প্রগতি) রবীন্দ্রনাথ সরকার, শাখা ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান, হিসাব কর্মকর্তা জগদীশ চন্দ্র পাল, মোছা. ফারহানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ সৃষ্টি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।