মোঃ রাসেল শেখ, জেলা সংবাদদাতা, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আয়েশা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আয়েশা চর আড়িয়ারা গ্রামের ওহিদ শেখের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা তার বাবা-মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের এলাকায় খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়।
একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা শিশুদের প্রতি আরও সতর্ক নজরদারি রাখার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত শিশুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।