আল আমিন খান,গফরগাঁও (ময়মনসিংহ)
ময়মনসিংহের গফরগাঁওয়ে নদী ও উন্মুক্ত জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষার্থে নিষিদ্ধ চায়না দুয়ারী, বেড় জাল ও কারেন্ট জালসহ ক্ষতিকারক সকল মাছ ধরার ফাঁদ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী এই নির্দেশনা জারি করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ শনিবারের মধ্যে উপজেলার সকল নদী, বিল ও জলাশয় থেকে এসব অবৈধ জাল স্ব-উদ্যোগে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ জরিমানা করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।
মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি
উপজেলা মৎস্য বিভাগ জানায়, চায়না দুয়ারী ও কারেন্ট জালের অবাধ ব্যবহারের ফলে পোনা মাছসহ ছোট ছোট বিভিন্ন প্রজাতির মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে। এটি আমাদের নদী, বিল ও জলাশয়ের মাছের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত করছে।
তাছাড়া, নদী ও অন্যান্য জলাশয়ে আড়াআড়িভাবে স্থাপন করা খরা জাল, জাঁত বা ফিক্সড ইঞ্জিন নদীর স্বাভাবিক পানি প্রবাহ এবং মাছের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা মৎস্য সম্পদের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ।
মৎস্য আইন মেনে চলার আহ্বান
গফরগাঁওয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এক বিশেষ বার্তায় সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন:
"মৎস্য আইন মেনে চলুন, দেশ ও জাতির মঙ্গল করুন। অবৈধ জালের ব্যবহার বন্ধ করে আমাদের প্রাকৃতিক মৎস্য সম্পদকে রক্ষা করা সকলের নাগরিক দায়িত্ব।"
নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর উপজেলা মৎস্য বিভাগ অবৈধ জাল ও ফাঁদ উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।