আনিসুর রহমান মানিক,পঞ্চগড় জেলা সংবাদদাতা:
সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পঞ্চগড়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
তেঁতুলিয়া উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর কাছে সরকারি ও মানবিক সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এসময় পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পঞ্চগড় পুলিশ সুপার আবুঁ সাইম,তেঁতুলিয়া উপজেলা প্রশাসন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম খাচ্চু, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পঞ্চগড় জেলা জজ কোর্টের পিপি নাজমুল ইসলাম কাজল, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড’ কার্যক্রম কেবল সহায়তা প্রদানেই সীমাবদ্ধ নয়; এটি জনকল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক রাষ্ট্রব্যবস্থা গঠনের একটি বাস্তবধর্মী উদ্যোগ।
এর মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলোকে সুনির্দিষ্ট তথ্যভিত্তিক সেবার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। পঞ্চগড়ে সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে।