আবুজর গিফারী, পাবনা সংবাদদাতা:
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক পাঠদান কৌশল আয়ত্তকরণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় একটি দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মাদ্রাসার আলহাজ আছির উদ্দিন সরদার অডিটরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।
মাদ্রাসার সকল শিক্ষকের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন:
আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা অফিসার, পাবনা।
রশিদুল হাসান, সহকারী অধ্যাপক, পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ।
রফিকুল ইসলাম ও তাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক, পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ।
শরীফুল ইসলাম, পেডাগজি বিষয়ক পিএইচডি গবেষক।
ইকবাল হোসাইন, অধ্যক্ষ, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
মাওলানা আব্দুল লতিফ, উপাধ্যক্ষ, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
"শিক্ষা ব্যবস্থার প্রাণ হলো শিক্ষক। যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদেরও নিজেদের জ্ঞান ও দক্ষতা নিয়মিতভাবে হালনাগাদ করতে হবে।"
— আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা অফিসার
কর্মশালায় বক্তারা আধুনিক শিক্ষা ব্যবস্থার ওপর জোর দিয়ে বলেন, বর্তমান যুগে শিক্ষকদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা, নেতৃত্বগুণ ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে। একমাত্র দক্ষ শিক্ষকের পক্ষেই সম্ভব নতুন নতুন কৌশলের মাধ্যমে শ্রেণিকক্ষকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলা।