মোঃ জসিম মিয়া,শেরপুর জেলা সংবাদদাতা:
প্রেমিকের বাড়িতে যাওয়ার আগে বিষপান করে দশম শ্রেণির ছাত্রী মনতাজুর রহমান দীপা (১৬)। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেরপুরের নালিতাবাড়ীতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দীপা উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কিল্লাপাড়া গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে সুজন (২৬) নামের এক যুবকের সঙ্গে দীপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে প্রেমিক সুজন বিবাহিত এবং এক সন্তানের জনক। মঙ্গলবার দুপুরে দীপা সবার অগোচরে বিষপান করে প্রেমিক সুজনের বাড়িতে যায়। সেখানে বিষক্রিয়ায় সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সুজন টের পান। পরে দ্রুত দীপাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।